আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : হযরত যায়নাব (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত তাঁর মাজারে দেশের সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখযোগ্য সংখ্যক শিয়া ও সুন্নি ব্যক্তিত্বের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ মাহফিলে সিরিয়ার গ্রান্ড মুফতি ‘শেইখ আহমাদ বাদরুদ্দীন হাসুন’ বক্তব্য রাখেন। সাধারণ জনগণ ‘লাব্বাইক ইয়া যায়নাব’ লেখা লাল পতাকা নিয়ে উক্ত মাহফিলে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত সিরিয়ার গ্রান্ড মুফতি ‘শেইখ আহমাদ বাদরুদ্দীন হাসুন’ তার বক্তব্যে, গত ৩ বছরে আরোপিত যুদ্ধের বিপরীতে সেনাবাহিনী, জনগণ ও সিরিয়ার প্রেসিডেন্টের দৃঢ়তার কথা উল্লেখ করে সিরিয়া সরকারের প্রতি অভিনন্দন জানান।
হযরত যায়নাব (সা. আ.) এর মাজারের উপর তাকফিরী (অপরকে কাফের আখ্যায়িতকারী) সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে তিনি বলেন : তাকফিরীরা হযরত যায়নাব (সা. আ.) এর স্মৃতি মুছে ফেলতে চেয়েছিল এবং তাঁর নূরকে নিভিয়ে দিতে আপ্রাণ চেষ্টা চালানো সত্ত্বেও তাঁর স্মৃতি সমহিমায় টিকে আছে।
১৪০০ বছর পার হয়ে যাওয়ার পরও টিকে থাকা হযরত যায়নাব (সা. আ.) এর স্মৃতি শত্রুদের উদ্দেশ্যে এ কথার জানান দিচ্ছে যে, অন্যদের মত তোমরা সকলেই চলে যাবে এবং সিরিয়া তোমাদের সামনে মাথা উঁচু করে অটল দাঁড়িয়ে থাকবে –এ কথা উল্লেখ করে সিরিয়ার গ্রান্ড মুফতি বলেন : সিরিয়ার সন্তানরা, সেনাবাহিনী, জাতি এবং রাষ্ট্রপতি সকলে অটলভাবে টিকে থাকবে।
তার সংযোজন : যদিও কেউ কেউ সিরিয়া এবং এ দেশের জনগণকে ধ্বংস করে দেয়ার উদ্দেশ্য রাখে কিন্তু এ দেশ, এর সন্তানরা, সৈন্য, জনগণ এবং প্রেসিডেন্ট শক্তিশালীভাবে টিকে থাকবে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, অনুষ্ঠানে উপস্থিত আলেম ও ব্যক্তিত্বগণ সকল মুসলমানদের প্রতি হযরত যায়নাব (সা. আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে মোবারকবাদ জ্ঞাপন করেন। এ সময় সামনে বিদ্যমান চ্যালেঞ্জের বিপরীতে দৃঢ়তা প্রদর্শনের লক্ষ্যে জনগণের প্রতি আহবান জানান তারা।






